২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বোর্ডে ক্যান্টের কাছে শীর্ষ স্থান খোয়ালো ক্যাডেট

এইচএসসির ফলে এবার দুটি ক্যান্টনমেন্ট কলেজের কাছে শীর্ষস্থান খুইয়েছে নামকরা দুটি ক্যাডেট কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 10:15 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

গত বছর ছয়টি শিক্ষা বোর্ডে শীর্ষ স্থানে থাকলেও এবছর সেগুলোর মধ্যে দুটি বোর্ডে প্রথম স্থান ধরে রাখতে পারেনি সিলেট ও রংপুর ক্যাডেট কলেজ।

সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

আর দিনাজপুর বোর্ডে রংপুর ক্যাডেট কলেজকে টপকে শীর্ষ স্থানে এসেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এই দুই ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া সবাই জিপিএ-৫ পেলেও সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে প্রাপ্ত পয়েন্টে শীর্ষ স্থান ধরে রাখতে পারেনি সেগুলো।

এই বিচারে সিলেট ক্যাডেট কলেজের মোট পয়েন্ট ৯১, যেখানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পয়েন্ট ৯২ দশমিক ৯৬। অন্যদিকে রংপুর ক্যাডেট কলেজের পয়েন্ট ৯১, যেখানে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পয়েন্ট ৯৬ দশমিক ২৩।

সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের সূচকগুলো হলো- নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় চার বোর্ডে শীর্ষ স্থান ধরে রেখেছে ক্যাডেট কলেজগুলো।

১২টি ক্যাডেট কলেজ থেকে এ বছর ৬০৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৪ জন।

ক্যাডেট কলেজগুলো থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বছর চট্টগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ এবং কুমিল্লা বোর্ডে কুমিল্লা ক্যাডেট কলেজ শীর্ষ স্থানে রয়েছে।

Image
ফল প্রকাশের পর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

ফল প্রকাশের পর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

রাজশাহী বোর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ, জয়পুরহাট ক্যাডেট কলেজ ও পাবনা ক্যাডেট কলেজ।

দিনাজপুর বোর্ডে দ্বিতীয় অবস্থানে আছে রংপুর ক্যাডেট কলেজ। আর সিলেট বোর্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও সিলেট ক্যাডেট কলেজ।

ঢাকা বোর্ডে শীর্ষ দশে অবস্থান করে নিতে পারেনি মির্জাপুর ক্যাডেট কলেজ ও ময়মনসিংহ ক্যাডেট কলেজ। এই বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় এগুলোর অবস্থান যথাক্রমে ১২ ও ১৭তম।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে দুইজন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের একজন এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজের দুই শিক্ষার্থী বাদে অন্য সব ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া সবাই জিপিএ-৫ পেয়েছে।