২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি নজরুল কলেজে ইউনিয়নের মিছিলে ছাত্রলীগের হামলা

পুরান ঢাকার কবি নজরুল কলেজে ছাত্র ইউনিয়নের মিছিলে হামলা চালিয়ে আট নেতাকে আহত করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার বিকালে কলেজের মূল ফটকে মিছিল আটকে এই হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, ছাত্র ইউনিয়ন বহিরাগতদের নিয়ে মিছিল করলে তাদের বাধা দেয়া হয় এবং তখন মারামারির ঘটনা ঘটে।

অন্যদিকে ছাত্র ইউনিয়ন নেতারা বলছেন, গণজাগরণ মঞ্চে সক্রিয় থাকার তাদের ওপর এই হামলা হয়।

তারা বলেন, বহিরাগতের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হলে তা কলেজ প্রশাসন নেবে, ছাত্রলীগ কেন?

মারধরে আহতরা হলেন- কবি নজরুল কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, সহ-সভাপতি মনিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক স্বপন, ঢাকা মহানগর সভাপতি বিধান বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি জাহিদুল ইসলাম সজিব ও সাধারণ সম্পাদক আল আমিন।

গুরুতর আহত সুমন গুপ্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনিকা বিশ্বাস হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্র ইউনিয়ন নেতারা বলেন,সংগঠনের কলেজ শাখার কাউন্সিল শেষে পৌনে ৪টার দিকে তারা মিছিল নিয়ে বের হন। তখন কলেজ ফটকে ছাত্রলীগকর্মীরা তাদের মিছিল আটকে হামলা চালায়।

কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সোহেলসহ আল আমীন, আরিফ ও ওয়াহাবের নেতৃত্বে রড ও লাঠি নিয়ে এই হামলা হয় বলে তাদের অভিযোগ।

কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক সাংবাদিকদের বলেন, “আমাদের গণজাগরণমঞ্চের কর্মী আখ্যা দিয়ে ছাত্রলীগ হামলা চালায়। এসময় ছাত্রলীগ সভাপতি মামুন বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে কবি নজরুল কলেজে ছাত্র ইউনিয়নের ছ-ও থাকবে না।”

খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক নাসিরউদ্দীন আহমেদ ও প্রক্টর দপ্তরের কর্মকর্তা কাজী মনির পাশের এই কলেজে যান।

সেখানে সূত্রাপুর থানার জহির ও মনির নামে দুই পুলিশ কর্মকর্তা ছাত্রলীগের পক্ষ নিয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলে ছাত্র ইউনিয়ন নেতারা দাবি করেন।

ছাত্র ইউনিয়নের অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র ইউনিয়ন প্রশাসনের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিটিং করে। আমাদের কয়েকজন কর্মী তাদের পরিচয় জিজ্ঞাসা করলে মারামারির ঘটনা ঘটে।”

ছাত্রলীগের এই অভিযোগের জবাবে ছাত্র ইউনিয়ন নেতা দীপক বলেন, “একটি মিটিং করার জন্য তো প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই। আর তা লাগলেও সেটা তো কলেজ কর্তৃপক্ষ দেখবে, ছাত্রলীগ তা দেখার কে?

“আমাদের মহানগর কমিটির নেতারা যদি বহিরাগত হয়, তাহলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা যখনকবি নজরুলে সভা করেন কিভাবে?”

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকী আক্তার এই হামলার নিন্দা জানিয়ে জড়িত সবাইকে শাস্তি দিতে কলেজ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।