২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশসেরা মেধাবীর অর্ধেক মফস্বলের

সারা দেশ থেকে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচিত করেছে শিক্ষা মন্ত্রণালয়, যাদের অর্ধেকেই উঠে এসেছে মফস্বল থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:38 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে এদের নির্বাচিত করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় সাত বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন অংশ নেয়।

ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তিন ভাগে ভাগ হয়ে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

ভাষা ও সাহিত্য বিভাগে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের সিরাতুল মোস্তাকিম শ্রাবণী (৬ষ্ঠ-৮ম), নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আবরার প্রমিতি মল্লিক (৯ম-১০ম) এবং ঢাকার হলিক্রস কলেজের অদিতি বড়ুয়া (একাদশ-দ্বাদশ) দেশসেরা হয়।

বাংলাদেশ স্টাডিজ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে রংপুরের সরকারি উচ্চ বিদ্যালয়ের আল মুহিত মুহতাদি (৬ষ্ঠ-৮ম), কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফিয়া আনজুম জামান জেবা (৯ম-১০ম) এবং ঢাকা ক্যান্টনমেন্ট গালর্স পাবলিক কলেজের সুমাইয়া ইসলাম (একাদশ-দ্বাদশ)।

দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিভাগে দেশসেরা ঢাকার হলিক্রস গার্লস হাইস্কুলের আনিকা তাবাসসুম (৬ষ্ঠ-৮ম), জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয়ের ফাহিমা সুলতানা (৯ম-১০ম) এবং ভোলার ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের শাহজাদী নওরীন হক (একাদশ-দ্বাদশ)।

এছাড়া গণিত ও কম্পিউটার বিভাগে চট্টগ্রামের কাফকো স্কুল অ্যান্ড কলেজের পুষ্পিতা বিশ্বাস (৬ষ্ঠ-৮ম), ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়েল জুবায়ের রহমান নির্ঝর (৯ম-১০ম) এবং ঢাকার নটরডেম কলেজের ফাহিম শাহরিয়ার (একাদশ-দ্বাদশ) দেশসেরা নির্বাচিত হয়েছে।

দেশসেরা ১২ জনের প্রত্যেকে সনদসহ এক লাখ টাকা করে পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে পুরস্কার দেয়ার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মোহাম্মদ ফরাসউদ্দিন, রাশেদা কে চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আব্দুল্লাহ আবু সায়ীদ, মোস্তফা জব্বার প্রমুখ জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী বছর শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাপঞ্জীতে সহপাঠ কার্যক্রম হিসেবে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উল্লেখ থাকবে।

এছাড়া এই প্রতিযোগীতার জন্য বাজেটে অর্থ বরাদ্দ দেয়া হবেও জানান মন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, মাউশির পরিচালক অধ্যাপক দিদারুল আলম বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজতে গত ৩ মে সারাদেশে একযোগে শুরু হয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা।

এবার সারাদেশ থেকে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

২০১৩ সালে দেশসেরা মেধাবী শিক্ষার্থী নির্বাচনের এই কার্যক্রম শুরু হয়।