জবি শিক্ষার্থীদের এলাকাবাসীর ধাওয়া
বেদখল হওয়া শহীদ বজলুর রহমান হলের জমি উদ্ধারে গিয়ে এলাকাবাসীর ধাওয়ায় পিছু হটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেদখল হওয়া জমি উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহীদ বজলুর রহমান হলের দিকে রওনা দেয়। রায়সাহেব বাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।
ছাত্ররা সেখানে বসে বিক্ষোভ করতে থাকলে বেলা ১২টার দিকে ছাত্রদের ৩০ জনের একটি প্রতিনিধিদল পুলিশের সঙ্গে শহীদ বজলুর রহমান হলে গিয়ে ব্যানার টানিয়ে দেয়।
অবশ্য ৩ থেকে ৪ মিনিটের মধ্যে তা ছিড়ে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এলাকাবাসী।
এলাকাবাসী বলছেন, তারা আবাসিক এলাকায় ছাত্রাবাস চান না। এদিকে ওই হলের সামনে একটি ‘প্রতিরোধ মঞ্চ’ তৈরি করে সেখানে অবস্থান নিয়েছেন এলাকাবাসী।
বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে ফিরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে বুধবারে শহীদ বজলুর রহমান হলের জমি অবরোধের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
পুরান ঢাকার বংশালের মালিটোলার ওই জায়গাটিতে বর্তমানে সিটি করপোরেশনের পরিচালনায় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় রয়েছে, যা ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর বেদখল হয়ে যায়।
বেদখল হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণসহ অন্যান্য দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
