২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে নতুন প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের পর রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহাকে স্থলাভিষিক্ত করে ১১ সদস্যের ‘প্রক্টরিয়াল টিম’ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 01:40 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার বিকেলে প্রশাসনিক ভবনে প্রক্টর অধ্যাপক মুজিবর রহমান নতুন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলে রাতেই এ নতুন টিম গঠন করা হয়।

প্রক্টরিয়াল টিমের নেতৃত্বে থাকা তপন কুমার সাহা শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলে পদত্যাগে বাধ্য সাবেক উপাচার্য শরীফ এনামুল কবীরের সময়েও প্রক্টরের দায়িত্বে ছিলেন।

অধ্যাপক তপনের নেতৃত্বে প্রক্টরিয়াল টিমে রয়েছেন বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার, প্রত্নতত্ত্ব বিভাগের সিকদার জুলকার নাইন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণের সেলিনা আকতার ও মাহমুদুল হাসান, মার্কেটিংয়ের নিগার সুলতানা, ভূগোল ও পরিবেশের তানজিনুল হক মোল্লা ও মেহেদী ইকবাল, পদার্থ বিজ্ঞানের হুমায়ুন কবির, প্রাণিবিদ্যার এনামুল হক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শেখ আদনান ফাহাদ।

তপন কুমার সাহা সাংবাদিকদের বলেন, “সবার সহযোগিতা পেলে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়তে ভুমিকা রাখতে পারবো আমরা।”

সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক আনোয়ারের সময় থেকে প্রক্টরের দায়িত্ব পালন করে আসা মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ায় পরিবর্তিত পরিস্থিতি এবং ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাজ করতে অস্বস্থিবোধ করছি এবং এর পাশাপাশি নিজের কিছু কারণও রয়েছে।

রোববার দোকানে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয় বেশ কয়েকজন।