জগন্নাথের হল ছাড়তে পুলিশকে প্রতিমন্ত্রীর নির্দেশ
পুলিশের দখলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি হল দ্রুত ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সোয়া ৩টায় সচিবালয়ে জবির বেদখল হল উদ্ধারে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি দল দেখা করতে গেলে তাদের সামনেই পুলিশের উঁচু মহলে টেলিফোনে এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
প্রায় তিন দশক ধরে পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের আরমানিটোলার আব্দুর রহমান হলটি দখল করে বসবাস করছেন। এছাড়া পাটুয়াটুলীর রমাকান্ত নন্দী লেনের শহীদ আজমল হোসেন হল এবং তাঁতীবাজার ঝুলনবাড়ী লেনের শহীদ শাহাবুদ্দিন হলে পুলিশ সদস্যরা বসবাস করতেন।
তবে ২০০৯ সালে শহীদ শাহাবুদ্দিন হল পুলিশ সদস্যরা ছেড়ে দেন। অভিযোগ রয়েছে, বর্তমানে ওই হলটি কোতোয়ালী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিনুল হক বিপ্লব দখলে।
২০১১ সালে শহীদ আজমল হোসেন হলটি পুলিশ সদস্যরা ছেড়ে দেন। বর্তমানে ওই হলটিতে 'শহীদ বেগম রোকেয়া পরিবার' নামে সাইনবোর্ড ঝুলছে। সেখানে বসবাসকারীরা নিজেদের শহীদ পরিবারের সদস্য বলে দাবি জানিয়েছেন।
প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় জবি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায়ে অভিযুক্ত কোতোয়ালী থানার ওসি মনিরুজ্জামানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান আশ্বাস দেন।
এদিকে, জবি শিক্ষক ও শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন।
গুলিস্তান জিরো পয়েন্টের কাছে শিক্ষকদের অভিযাত্রাটি পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আট দফা দাবিতে স্মারকলিপি জমা দেন।
মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর ১টায় জিরো পয়েন্টে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন শিক্ষকরা।
এসবময় জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, "আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে শিক্ষকরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখবেন ।
