শাহজালালে শিবির সভাপতিসহ ১৪ জন বহিষ্কার
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা-৭১’ এর নামফলক ভাংচুরের দায়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতিসহ সংগঠনের ১৪ নেতাকমীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এহসানুল করিম, কর্মী নৃবিজ্ঞানের মুহিবুল্লাহ, এফইটির আবু ইউসুফ জাকির হোসাইন, মো. নাসিম হাসান, বিএমবির সামসুজ্জামান, সমাজকর্মের মো. রফিকুল ইসলাম, আজিজুল হক, কাওসার আহমেদ, আয়াত উল্লাহ, আমিনুল ইসলাম, জিইবির শাহাবুদ্দিন, বাংলার বদরুল আলম, লোকপ্রশাসনের মো. সানাউল্লাহ ও ইংরেজি বিভাগের মো. সুজন মিয়া।
গত ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘চেতনা ৭১’-এর নামফলক ভাংচুর করা হয়। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুন দেয় হামলাকারীরা।
এ ঘটনার প্রতিবাদে পরদিন বিকালে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে তাতে হামলা করে ছাত্রশিবির।
নিবন্ধক মো. ইসফাকুল হোসেন বলেন, ওই ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশে গত ৩০ জানুয়ারি এই ১৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছিল তাদের।
কিন্তু জবাব না দেয়ায় শৃঙ্খলা কমিটির সুপারিশে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে জানান তিনি।
বহিষ্কৃতদের মধ্যে যাদের স্নাতক ও স্নাতকোত্তর শেষ হয়েছে তারা ভবিষ্যতে কোনো কোর্সে ভর্তি হতে পারবে না বলেও জানান তিনি।
“২০১৩ সালের ১৩ ডিসেম্বরের আগে যাদের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফলাফল হয়নি তাদের ডিগ্রি বহাল থাকবে। কিন্তু তারাও ভবিষ্যতে কোনো কোর্স এ ভর্তি হতে পারবে না,” বলেন নিবন্ধক ইসফাকুল হোসেন।
