চবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী-বামপন্থীদের নিরঙ্কুশ জয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের হলুদ দল।
নির্বাচন শেষে রোববার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
নির্বাচনে হলুদ দল থেকে রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে সভাপতি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বেনু কুমার দে পেয়েছেন ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের প্রার্থী অ্যাকউিন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. হারুনর রশীদ পেয়েছেন ২২৭ ভোট।
সভাপতি পদের আরেক প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের দল ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদের’ প্রার্থী ও সমাজতত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন পেয়েছেন ৯৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৪৫৮ ভোট এবং সাদা দলের প্রার্থী মেরিন সাইয়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন পেয়েছেন ২২৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে হলুদ দলের মেরিন সাইয়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী, যুগ্ম-সম্পাদক পদে মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যশনাল মার্কেটিং বিভাগের প্রভাষক এইচ এম কামরুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. দেব প্রসাদ পাল, আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জরুল আলম, ফলিত পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম এবং বাংলা বিভাগের শিরীন আখতার।
নির্বাচন কমিশনার ড. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চবির ৮৩১ জন শিক্ষকের মধ্যে ৭১২ জন শিক্ষক নির্বাচনে ভোট দেন।
এরমধ্যে ১১১ জন শিক্ষক গত ২০ ফেব্রুয়ারি অগ্রিম ভোট প্রদান করেন বলে জানান তিনি।
