ভিসির মামলায় অব্যাহতি রোকেয়ার শিক্ষক-শিক্ষার্থীর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়ার করা মামলা থেকে অব্যাহতি পেলেন ১২ শিক্ষক-কর্মকর্তা ও ১০০ জন শিক্ষার্থী।
অব্যাহতি পাওয়ারা সবাই উপাচার্য আব্দুল জলিল মিয়ার দুর্নীতির বিরুদ্ধে গড়ে তোলা সংগঠন দুর্নীতি বিরোধী মঞ্চের নেতা ও সদস্য।
সোমবার রংপুরের মূখ্য বিচারিক হাকিম মনসুর আলম তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী রেজাউল হক রেজা বলেন, “মামলার বিচার শুরুর পর থেকে বাদি আদালতে অনুপস্থিত থাকায় বিচারক মামলা থেকে আসামিদের অব্যাহতি দেন।”
অব্যাহতি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা হলেন, সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক ড. মতিউর রহমান, ড. তুহিন ওয়াদুদ, আশরাফুল আলম, শাহীনুর রহমান, আপেল মাহমুদ, ইলিয়াস প্রামাণিক, প্রভাষক ফেরদৌস রহমান, উমর ফারুক, সহকারী পরিচালক মাহমুদুর রহমান, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান ও মোরশেদ উল আলম রনি।
দুর্নীতির প্রতিবাদ করায় গত বছর ১৮ এপ্রিল ছয়জন শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন উপাচার্য আব্দুল জলিল।
শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিবাদ জানালে সাবেক উপাচার্য ১২ শিক্ষক-কর্মকর্তা ও ১০০ শিক্ষার্থীর নামে মামলা করেন।
দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত বছর ৫ মে উপাচার্য আব্দুল জলিলকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি ও আচার্য।
গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন(দুদক) সাবেক উপাচার্য আব্দুল জলিল ও সাবেক রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডলের নামে মামলা করে।
আব্দুল জলিল বর্তমানে কানাডায় পলাতক এবং শাহজাহান আলী মন্ডল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে আছেন।
