গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্রী আহত, পলাশীতে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর রাজধানীর পলাশীর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুর্ঘটনা ও যানজট এড়াতে পলাশী মোড়ে একটি ‘অস্থায়ী গোল চত্বর’ নির্মাণ করে দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
রোববার সকাল পৌনে ৯টার দিকে রিকশায় করে যাওয়ার সময় পলাশীর মোড়ে একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আনিকা তাসনিম (২২)।
ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত বুয়েট শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আনিকা কোমরে আঘাত পেয়েছেন, তবে হাড় ভাঙেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক্রোবাসটি ভাংচুর করে পলাশী মোড়ে অবস্থান নেয় এবং সেখানে একটি ‘গোল চত্বর’ নির্মাণের দাবি জানাতে থাকে।
এতে পাঁচ রাস্তার ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্তি উপ কমিশনার আবিদা সুলতানা জানান।
পরে বেলা ১১টার দিকে বুয়েটের উপচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “এখানে অস্থায়ীভাবে একটি গোল চত্বর বানিয়ে দেয়া হবে এবং পরবর্তীতে স্থায়ী চত্বর স্থাপনরে জন্য পদক্ষেপ নেয়া হবে।”
এছাড়া বুয়েটের আশেপাশের রাস্তা থেকে অবৈধ দোকান উঠিয়ে সড়ক প্রশস্ত করারও আশ্বাস দেন তিনি।
এরপর শিক্ষার্থীরাই ইট, বালু ও সিমেন্ট দিয়ে পলাশী মোড়ে একটি অস্থায়ী ‘গোল চত্বর’ নির্মাণ শুরু করেন।
