২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষপূতিতে জাবিতে আলাদা কর্মসূচি

৪৩তম বর্ষপূতির দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 01:11 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

রোববার সকাল সোয়া ১০টায় চৌরঙ্গী মোড়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার ও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক হানিফ আলী।

চার অনুষদের ডিনও এসময় উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিভাগ, আবাসিক হল এবং সংগঠনের অন্তত দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী পরে একটি শোভাযাত্রায় অংশ নেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত পৃথক কর্মসুচিতে বেলা ১১টার দিকে পুরাতন কলা ভবন চত্বরে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপউপাচার্য এমএ মতিন ও আফসার আহমদ।

পরে সেখান থেকেও আরেকটি শোভাযাত্রা বের হয়, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের হাজার খানেক শিক্ষার্থী যোগ দেয়।

আলাদা কর্মসূচি পালনের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, “প্রশাসনের পক্ষে তাদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানানো হয়নি।

“তাদের নিষ্ক্রিয় অবস্থানের বিপরীতে বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচি দিয়েছি আমরা।”

শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও উপাচার্য আনোয়ার হোসেনের প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা জানাতে এই কর্মসূচি গুরুত্বপুর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। অপর দুই উপউপাচার্যও আন্দোলনের মুখে কোণঠাসা। তালাবদ্ধ রয়েছে প্রশাসনিক ভবনও।

১৯৬৭ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের দীর্ঘ ৪৩ বছরের পরিক্রমায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পা রাখছে ৪৪তম বছরে।

১৯৭০ সালে এক অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারিত হয়, ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’। ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এস এম আহসান।

১৯৭১ সালের মুক্তি সংগ্রামের পর জারি করা হয় আরেকটি অধ্যাদেশ, যার মাধ্যমেেএর নাম বদলে রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

চারটি বিভাগ এবং ১৫০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বিভাগ সংখ্যা এখন ৩৪ আর শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৩ হাজার। ৬৯৭ একর জমিতে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যলয়ে শিক্ষক রয়েছেন প্রায় সাড়ে ৬০০।