জাবি নিয়ে তাহের সংসদ ও চিকিৎসকদের উদ্বেগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্ণেল তাহের সংসদসহ কয়েকজন চিকিৎসক।
শনিবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের একাংশের কর্মসূচির কারণে সৃষ্ট অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা হয়, “আন্দোলনকারীরা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে বাধা দিচ্ছেন এবং নির্বাচিত উপাচার্যকে শক্তি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখছেন।
“আন্দোলনকারী শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণ করার জন্য মহামান্য রাষ্ট্রপতি যে সব নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের পথে এ শিক্ষকরাই বাধা সৃষ্টি করছেন।
“একে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারছি না। এ সব কর্মকাণ্ড সন্ত্রাসী আচরণ ছাড়া আর কিছু নয়, যা শিক্ষা ও গণতন্ত্র উভয়কেই ক্ষতিগ্রস্ত করছে।”
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন রশিদ ই মাহবুব, মোয়াজ্জেম হোসেন, কামরুল হাসান জায়গীরদার, আহমেদ আবু সালেহ, এ কে এম আখতারুজ্জামান, আনোয়ার কামাল সাদী, এস এম শহীদুল্লাহ, মুশতাক হোসেন, মাহবুবুর রহমান চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ সেলিম।
আর কর্ণেল তাহের সংসদের পক্ষে বিবৃতিতে সই করেছেন দপ্তর সম্পাদক বীণা শিকদার।
