২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলে আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ১৫ ডিসেম্বরের মধ্যে বাতিল না করলে ১৯ ডিসেম্বর সিলেট মহানগরে হরতাল পালনের হুমকি দিয়েছে স্থানীয় আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল’-এর দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই হরতালের ঘোষণা দেয় ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলন স্টিয়ারিং কমিটি’-র প্রধান মুখপাত্র আলী আহমদ।

এই সময় সমন্বিত পদ্ধতি বাতিল করে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করার দাবিও জানান তারা।

গত ২৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ‘সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি’ বাতিল করে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

এর প্রতিবাদে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হক পদত্যাগ করেন।

এরপর শিক্ষার্থীদের পাল্টা আন্দোলনের মুখে ২৭ নভেম্বর আবার একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত পরীক্ষা পদ্ধতি পুনর্বহাল করা হলে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।  

ভর্তি পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ভর্তির সমন্বিত পদ্ধতি বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন।

সোয়া ১১টা থেকে সড়কের একপাশ বন্ধ করে ব্যানার লাগিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এই সময় প্রধান ফটকে বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি পুলিশের উপস্থিতি দেখা গেছে।

মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শাবি গুচ্ছ ভর্তি পরীক্ষা বাতিল আন্দোলন স্টিয়ারিং কমিটির মুখপাত্র আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক গোলাম আলী হায়দার, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোছাদ্দেক হোসেন চৌধুরী, সচেতন সিলেট বাসীর আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কায়েন লোদী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেমসহ অনেকেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেয়া মদন মোহন কলেজের সাবেক শিক্ষক ফরিদ আহমদ প্রশ্নপত্র প্রণয়নে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ থেকে চাকরি হারিয়েছিলেন।

অবস্থান কর্মসূচিতে অধ্যাপক জাফর ইকবালকে কটূক্তি করে স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া অধিকাংশ বক্তাই ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবি নিয়ে কোন কথা না বলে অধ্যাপক জাফর ইকবালের সমালোচনা করে বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতিতে দেশে প্রথম সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণের পর আড়াই মাস ধরে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।