দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘ইলেকট্রনিক ডিভাইস’
দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলা সহজ করতে একটি যন্ত্র উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিন তরুণ বিজ্ঞানী।
‘বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০১৩’ উপলক্ষে মঙ্গলবার দুপুরে এই যন্ত্রটির উদ্বোধন করেন এ বিজ্ঞানিদলের তত্ত্বাবধায়ক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।
জাফর ইকবালের তত্ত্বাবধানে এ ডিভাইস তৈরি করেন পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবি কর্মকার।
উদ্বোধনের আগে একমাসের বেশি সময় ধরে বিভিন্ন বয়সের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তাদের নিয়ে কাজ করেন এমন প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের দিয়ে ডিভাইসটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করানো হয়।
এরকমই একজন সিলেটের গ্রিন ডিজেব ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মো. রাজিব আলী খান নজিব। তিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী।
রাজিব খান এই যন্ত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাধা এড়িয়ে চলাফেরা করতে সাধারণত লাঠি ব্যবহার করতে হয়। নতুন এই যন্ত্রটি থাকলে লাঠি ছাড়াই সহজে পথ চলা যায়।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করার তাগিদ থেকেই যন্ত্রটির ডিজাইন করা হয় জানিয়ে সৈয়দ রেজওয়ানুল হক নাবিল জানান, সহজেই হাতে বা শরীরের অন্য কোথাও লাগিয়ে ডিভাইসটি ব্যবহার করা যাবে।
যখন ৭৫ সেন্টিমিটার দূরত্বে কোনো বস্তু আসবে তখন এটি কাঁপতে থাকবে। বাঁধা যত কাছে আসবে, কম্পনের মাত্রা ততই তীব্র হবে বলে এটি তাদের পথ চলায় সহায়ক হবে।
যন্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেশের যেকোনো জায়গায় অনায়াসে এটি ব্যাবহার করা যায়।
দেশের উল্লেখযোগ্য সংখ্যক দৃষ্টি প্রতিবন্ধী যেন এর সুবিধা নিতে পারে এজন্য কোনো একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে আহ্বান জানান অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল।
