২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবার পরীক্ষা দিল ৪৮ শিক্ষার্থী

প্রথমে ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় পঞ্চগড়ে একটি কেন্দ্রের ৪৮ শিক্ষার্থীকে জেএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা দুবার দিতে হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, দুপুর সোয়া ২টায় ওই কেন্দ্রের দুইটি কক্ষের ৪৮ জন পরীক্ষার্থীকে ২০১২ সালের সিলেবাস অনুযায়ী বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র দেয়া হয়।

শিক্ষার্থীরা কিছু না বুঝেই প্রায় পুরো সময় পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে হওয়ার কিছুক্ষণ আগে তারা বুঝতে পারে প্রশ্নপত্রটি ছিল ২০১২ সালের সিলেবাস অনুযায়ী।

তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি কেন্দ্র সচিবকে জানালে তিনি পুনরায় ২০১৩ সালের সিলেবাস অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটে পরীক্ষা গ্রহণ শুরু করেন। শেষ হয় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

পরীক্ষার্থী সুব্রত রায় ও অভিভাবক সাজ্জাদ হোসেন দ্বিতীয় দফা পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ওই কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক কেশব রঞ্জন রায় জানান, দুটি প্যাকেটে প্রশ্নপত্র আসায় ভুলবশত শিক্ষার্থীদেরকে ২০১২ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেয়া হয়েছিল।

এ ব্যাপারে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পরই আমি কেন্দ্রে চলে যাই। সেখানে গিয়ে ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।”

কিভাবে তাদের হাতে ২০১২ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।