২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

নিয়মিত ক্লাস ও পরীক্ষার দাবিতে চলা আমরণ অনশন প্রত্যাহার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 10:56 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার‌্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর হোসেন জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

পুরকৌশল বিভাগের নবম ব্যাচের ছাত্র ইমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ভিসি স্যার অনশনস্থলে এসে আগামী সোমবার থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দিয়েছেন। স্যারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন প্রত্যাহার করা হয়েছে।

ভিসি অধ্যাপক মুহাম্মদ আলমগীর জানান, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ১১ নভেম্বর থেকে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের ৪ এপ্রিলে পুরকৌশল বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে কয়েকজন শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে ব্লগ ও ফেইসবুকে কটূক্তি করেন। এরপর পুরকৌশল বিভাগের শিক্ষকরা কর্মবিরতি করেন এবং এ কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এরপর কর্তৃপক্ষ কুয়েটের নয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে। এছাড়া অপর ১০ শিক্ষার্থীকে সতর্ক করা হয়। পরে শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন এবং শাস্তির স্থগিতাদেশ পান।

এরপর গত ৪ মে থেকে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ওই বিভাগের নবম ব্যাচের সকল কার্যক্রম থেকে বিরত থাকেন।

দাবি আদায়ের লক্ষ্যে রবি ও মঙ্গলবার প্রতীকী অনশন করে কুয়েটের পুরকৌশল বিভাগের ০৯ ব্যাচের শিক্ষার্থীরা।

তবে কর্তৃপক্ষ তাদের দাবিতে সাড়া না দেয়ায় বুধবার থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।