২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী শুরু ২০ নভেম্বর

প্রাথমিক পর্বের শিক্ষা শেষে আগামী ২০ নভেম্বর থেকে ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী’ পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণী পড়ুয়া প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

Image
সমাপনীতে বসেছে প্রাথমিকের শিশুরা

সমাপনীতে বসেছে প্রাথমিকের শিশুরা

বুধবার সচিবালয়ে সমাপনী পরীক্ষা-২০১৩ এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় ওই তারিখ নির্ধারণ করা হয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন সাংবাদিকদের বলেন, ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।

এবার প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন। আর ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন।

মন্ত্রী জানান, পরীক্ষা শেষে আগামী ২৬ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে।

এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে জানিয়ে মন্ত্রী বলেন, এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এই সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।

প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে।

অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ স্টিয়ারিং কমিটির সভায় উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী সূচি

২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী সূচি

২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্।