মহাসেন: ফের পেছাল চট্টগ্রাম বোর্ডের ইংরেজি পরীক্ষা
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা আবারো পিছিয়ে দেয়া হয়েছে।
ইংরেজি দ্বিতীয় পত্রের এই পরীক্ষা গত ৯ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু পাহাড়ে বর্ষবরণের বিজু উৎসবের কারণে তা পিছিয়ে ১৭ মে নেয়া হয়।
এই ঘূর্ণিঝড়ের কারণে সারা দেশে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়। এ দিনের পরীক্ষা হবে আগামী ২৫ মে শনিবার।
ঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো ব্যবহার হয়ে থাকে।
আটটি সাধারণ বোর্ড এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ’র (ডিআইবিএস) অধীনে বৃহস্পতিবার এইচএসসিতে কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র (ডিআইবিএস) এবং বিকালে চারু ও কারুকলা (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা ছিল।
এর আগে হরতালের কারণেও এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা পেছানো হয়।
