২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউককে হটিয়ে দেশসেরা আইডিয়াল

এসএসসি পরীক্ষায় দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছে ঢাকার চারটি প্রতিষ্ঠান। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজকে হটিয়ে দেশ সেরা হয়েছে ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

প্রথম স্থান দখল করা আইডিয়াল স্কুলের মোট পয়েন্ট ৯৬ দশমিক ৭৫।

দ্বিতীয় স্থানে ৯৫ দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে ভিকারুননিসা নূন স্কুল, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ৯৪ দশমিক ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ৯১ দশমিক ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

রাজধানীর বাইরে বাইরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ৯৫ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ৯৪ দশমিক ৫৫ পয়েন্ট নিয়ে কুমিল্লা জিলা স্কুল পঞ্চম, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় ৯১২ দশমিক ৮২ পয়েন্ট পেয়ে ষষ্ঠ, রাজশাহীর বগুড়া জিলা স্কুল ৯২ দশমিক ৩৭ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে।

৯১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বরিশাল ক্যাডেট কলেজের সঙ্গী হয়েছে রাজশাহীর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

এ ছাড়া ৯০ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে রাজশাহী বোর্ডের বগুড়া গার্লস হাই স্কুল।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরো ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।

২০১২ সালে সেরা দশে স্থান করে নিয়েছিল ঢাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান। সেবার ৯৭ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমস্থান দখল করে। আগেরবারও ৯৫ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে দেশসেরা ছিল এ শিক্ষা প্রতিষ্ঠান।