২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে বসেছে ১৩ লাখ শিক্ষার্থী

দুই বছর আগে প্রথম জেএসসি-জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণিতে উঠেছিল, তারা এবার বসেছে মাধ্যমিক পরীক্ষায়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 04:32 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে রোববার একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।এতে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

সকালে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এসএসসি পরীক্ষার দিনগুলোতে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালনে ‘দায়িত্বশীল’ হবে বলেই তিনি আশা করছেন।

“পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো যথেষ্ট বিবেচনাপ্রসূত কাজ করবে বলে আমি মনে করি। ভবিষ্যৎ প্রজন্মের গড়ে ওঠার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতামূলক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থী কমেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। গত বছর ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।

এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার ৮১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩৩৫ জন ছাত্রী।

দাখিলে ২ লাখ ২৫ হাজার ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র ও ১ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছাত্রী।

এছাড়া কারিগরি বোর্ডে ৬৪ হাজার ১২৪ জন ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেবে।

এবছর ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট ২৯৩ জন পরীক্ষার্থী রয়েছে।

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং হাত নেই- এমন পরীক্ষার্থীরা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।

৫ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে। খাতা দেখা শেষে মে মাসেই ফল প্রকাশ করার আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।