এবার ধর্মঘটের ঘোষণা ২৭ হাজার স্কুলের শিক্ষকদের
সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব নেয়ার পর এবার জাতীয়করণের দাবিতে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে প্রায় ২৭ হাজার বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
বুধবার ঢাকা রির্পোটার্স ইউনিটি কার্ালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া বলেন, “আমরা এতোদিন নিয়মতান্ত্রিক আন্দোলন করলেও বিগত চার বছরে একটি দাবিও পূরণ হয়নি। সরকারের একগুয়েমির কারণে বৃহস্পতিবার থেকে আমরা লাগাতার ধর্মঘট পালন করব।”
এরপরও দাবি পূরণ না হলে ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী আগামী ২৩ জানুয়ারি ঢাকায় মহা-অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন তিনি।
দাবি আদায়ে প্রয়োজনে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্ব বর্জন করারও হুমকি দেন এই শিক্ষাক নেতা।
সেলিম ভূইয়া বলেন, “বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করা হবে।”
আপাতত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে সেসব প্রতিষ্ঠান ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
ঐক্যজোটের চেয়ারম্যান অভিযোগ করেন, “সরকার কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা করলেও এর মধ্য দিয়ে কোচিং ব্যবসা আরো রমরমা হয়ে উঠেছে। সরকারের উচিৎ, সব ধরনের প্রাইভেট ও কোচিং বন্ধ করা।”
অন্যদের মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় প্যারেড স্কয়ারে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের এক মহাসমাবেশে দেশের প্রায় ২৬ হাজার দুইশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে প্রায় এক লাখ চার হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষকের চাকরি জাতীয়করণ হলো।
এদিকে এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা গত তিন দিন ধরে রাজধানীতে আন্দোলন চালিয়ে আসছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।মঙ্গল ও বুধবার তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষও হয়।
