চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা ও গবেষণায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
মঙ্গলবার চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আঘনু লোয়াজ্য দেখা করতে গেলে তার সরকারের এই আগ্রহের কথা জানান।
এ সময় চুয়েটের প্রকৌশলী আলী আশরাফ,তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. স্বপন কুমার পালিত, রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের প্রধান সুলতান মোহাম্মদ ফারুক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক মো. রাশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আঘনু লোয়াজ্য চুয়েটের বিভিন্ন বিভাগ, গবেষণা ল্যাব পরিদর্শন করেন এবং শিক্ষা-গবেষণার বিভিন্ন ক্ষেত্র দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ‘ফ্রান্সে উচ্চ শিক্ষা এবং স্কলারশিপ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন লোয়াজ্য ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৫৭ ঘ.
bdnews24