২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট শিক্ষক লুৎফুল কবিরের পদত্যাগ

বুয়েট উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষকতা ছাড়ার এ ঘোষণা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকম)- উপাচার্য অপসারণের দাবিতে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির। শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। “আমি আমার নীতির অবস্থান থেকে এ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে পদত্যাগ করছি ও আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ করছি,” রেজিস্ট্রার ড. আবু সিদ্দিককে পাঠানো পদত্যাগপত্রে এ কথা লিখেছেন বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির সাবেক পরিচালক। গত মঙ্গলবার এই শিক্ষককে বরখাস্ত করে আইআইসিটির পরিচালক পদে নতুন নিয়োগ দেয়া হয়। শনিবার বেলা ১১টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান লুৎফুল কবির। এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তার কার্যালয়ে যাওয়ার পর পদত্যাগপত্রের বিষয়টি তিনি দেখবেন। “আমি বিষয়টি এখনও জানি না। কাল (রোববার) অফিসে গিয়ে দেখতে হবে তাতে কী লেখা আছে।” উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী তার বাসায় বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মামলা প্রত্যাহার ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা। এর আগে উপাচার্য ও উপ-উপাচার্যের কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করে বুয়েট কর্তৃপক্ষ। অধ্যাপক লুৎফুল কবির একটি মামলার আসামি। উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ে হামলা, ভাঙচুর, তিন লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। বাংলাদেশে প্রথমবারের মত চালু হওয়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অন্যতম উদ্ভাবক আইআইসিটির সাবেক পরিচালক লুৎফুল কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩৫ ঘ.