যশোর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দু’শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভকালে একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
রোববার বেলা ১২টা থেকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় অবরোধ কর্মসূচি পালনের শেষ পর্যায়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গত ৫ সেপ্টেম্বর এ মহাসড়কের সানতলায় বাস চাপায় যবিপ্রবির দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।
যবিপ্রবি’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা হেলালুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির দু’শিক্ষার্থী নিহতের ক্ষতিপূরণের দাবিতে সকালে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।
যশোর কোতয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধকালে বিকেল ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
“পরে ফায়ার সার্ভিস কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।”
প্রত্যক্ষদর্শী চূড়ামনকাটি এলাকার মাসুদুজ্জামান লতা জানান, সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর আশ্বাসে শিক্ষার্থীরা ঘটনাস্থল ছেড়ে যেতে শুরু করে।
“এ সময় গড়াই পরিবহনের একটি বাস সামনে পেয়ে সেটি আটকিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।”
বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও ঘটনাস্থল ছেড়ে যাওয়ায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৭ ঘ.
bdnews24