২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশ্বস্ত’ বুয়েট শিক্ষার্থীরা সময় নিল সিদ্ধান্ত নিতে

মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আশ্বস্ত’ হয়েছেন জানিয়ে ক্যাম্পাসে ফিরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলেছেন, বৃহস্পতিবার তারা ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আন্দোলনরত সহপাঠীদের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত তারা বৃহস্পতিবার জানাবেন। উপাচার্যকে অপসারণের দাবিতে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে বুধবার বিকালে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে বিকাল সোয়া ৪টা থেকে প্রায় ৭টা পর্যন্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ও শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষকদের যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবই শিক্ষার্থীদেরও বলেছেন মন্ত্রী। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি না করার নিশ্চয়তা দেন তিনি। গত ৩ সেপ্টেম্বর শিক্ষকদের সঙ্গে বৈঠকে বুয়েট উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরানো, শাহবাগ থানায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দুটি প্রত্যাহারের আশ্বাস দেন মন্ত্রী। মামলা দুটি প্রত্যাহারে ইতোমধ্যে বুয়েট কর্তৃপক্ষ আবেদনও করেছে। এরপর শিক্ষকরা ‘আশ্বস্ত’ হয়ে শিক্ষা কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিলেও উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামকে সরানোর দাবিতে অনড় অবস্থানে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাইলে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসেন। নাহিদ বলেন, শিক্ষার্থীরা তাদের ক্ষোভ ও দুঃখের কথা বলেছেন। তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। “আশ্বস্ত করেছি বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার নিরাপদ পরিবেশ বজায় থাকে। শিক্ষার্থী-শিক্ষক কোনোভাবেই প্রশাসনিক হয়রানির শিকার না হন। ফল পরিবর্তনের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষকদের সঙ্গে আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা শিগগিরই বাস্তবায়ন হবে শিক্ষার্থীদের জানানো হয়েছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। উপাচার্যকে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে নাহিদ বলেন, “যেসব সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাজ করা হবে।” শিক্ষার্থীদের পক্ষে অভিপ্রিয় চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ভিসি, প্রো-ভিসি পদত্যাগের এক দফা দাবি নিয়ে এসেছিলাম। মন্ত্রী আমাদের হতাশা ও অভিযোগের কথা শুনেছেন। তিনি বলেন, “ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের শারীরিক, একাডেমিক ও প্রশাসনিক হয়রানি করা হবে না এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হবে বলে আমরা মন্ত্রীর প্রত্যক্ষ নিশ্চয়তা পেয়েছি।” মন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পর আপনারা ক্লাসে ফিরে যাবেন কি না- এ বিষয়ে জানতে চাইলে অভিপ্রিয় বলেন, “আমরা ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। সেখানে সবাই রয়েছে। সবার সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” উপাচার্যের পদত্যাগের বিষয়ে মন্ত্রী সুস্পষ্ট করে কিছু বলেছেন কি না- জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, “বুয়েটের ঐতিহ্য রক্ষায় যা যা করা দকার মন্ত্রী তাই করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা প্রত্যক্ষভাবে আশ্বস্ত হয়েছি।” বৈঠকে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, “আমার সব বন্ধু ক্লাসে ফিরে যাবে কি না, এ নিশ্চয়তা আমরা দিতে পারি না। তাই সবাই মিলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” বৈঠকে বুয়েটের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী ছিলেন। পরে তারা সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরে আন্দোলনরত অন্য শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। এরপর রাত ৯টার দিকে শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, তারা ক্লাসে ফেরার বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার জানাবেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মু. এহসান এবং শিল্প ও উৎপাদন বিভাগের শিক্ষক এ কে এম মাসুদ। শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং অতিরিক্ত সচিব সালাউদ্দিন আকবরও বৈঠকে অংশ নেন। শিক্ষা সচিব দাবি করেন, সন্তোষজনক আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছে। শিক্ষক এ কে এম মাসুদ বলেন, “সব বিষয়ে ব্যবস্থা নেবেন বলে মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। উপাচার্যকে প্রত্যাহারের ব্যাপারেও আলোচনা হয়েছে।” উপাচার্যকে সরিয়ে দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সে রকম তথ্য নেই। সব বিষয়েই তো আর মিডিয়ার সামনে কথা বলা যায় না।” অধ্যাপক এহসান সাংবাদিকদের বলেন, “ভিসি, প্রো-ভিসি পদত্যাগের দাবি আমাদের এখনো আছে। তবে সঙ্কট সমাধানের প্রচেষ্টা চলছে।” উপ উপাচার্যকে অপসারণের আশ্বাস পেয়ে শিক্ষকরা শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় থাকায় মঙ্গলবার বুয়েট শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ও সচিব বুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন। সে অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রী এলে তার সঙ্গে কথা বলে তবেই আন্দোলনের কর্মসূচি বা ক্লাসে ফেরার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। তবে বুধবার সকালে মন্ত্রণালয় থেকে বুয়েট শিক্ষক সমিতিকে জানানো হয়, মন্ত্রী ক্যাম্পাসে যাবেন না, নিজের কার্যালয়েই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। কয়েকদিন উত্তাল থাকার পর বুধবার সকালে বুয়েট ক্যাম্পাস অনেকটাই শান্ত ছিল। গত কিছুদিনের মতো সেখানে বিক্ষোভ-সমাবেশ বা কোনো কর্মসূচিও ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২০ ঘ.