২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবি’র ভর্তি প্রক্রিয়া শুরু ১৫ সেপ্টেম্বর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র ১৫ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হচ্ছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্র ১৫ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হচ্ছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক নম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। পরীক্ষা হবে ৩০ নভেম্বর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্তহয়। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬০ টাকা। বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ৫০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে কৃষি অনুষদে সাড়ে তিনশ, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে একশ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৫০ জন। পরীক্ষায় অংশ নেয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ইংরেজিতে ন্যূনতম জিপিএ-৩ সহ সর্বমোট জিপিএ-৭ দশমিক ৫০ থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে। আবেদনের পদ্ধতি টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SAU লিখে স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর লিখে স্পেস দিয়ে এইচএসসি পাসের সাল লিখে স্পেস দিয়ে একইভাবে এসএসসি শিক্ষা বোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর ও পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে দেয়া সব তথ্য ঠিক থাকলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি জানানোর জন্য এসএমএস অপশনে গিয়ে SAU লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে আবেদনকারীর সঙ্গে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। সম্মতি এসএমএস পাওয়ার পর পরীক্ষার ফি বাবদ ৫৬০ টাকা কেটে ফিরতি এসএমএসে পরীক্ষার রোল নম্বর জানানো হবে। একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যোগাযোগের জন্য আবেদনকারী ইচ্ছেমত যে কোনো অপারেটের মোবাইল নম্বর দিতে পারবেন। ভর্তি পরীক্ষার সময় দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে রোল নম্বর লিখে আনতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য, উপজাতি ও আদিবাসী প্রার্থীদের ভর্তি পরীক্ষার সময় দেয়া OMR শীটের নির্ধারিত স্থানে কোটার বৃত্ত পূরণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬৪৬ ঘ.