ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার সকাল সোয়া ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকশ শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
‘নন-এমপিও শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’, ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ’ এবং ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ এর ব্যানারে শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক এম সুশান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। ক্লাস-পরীক্ষা বর্জন করে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা কর্মসূচিতে যোগ দিয়েছেন।”
রাতেও প্রেসক্লাবের সামনে অবস্থান করা হবে জানান এই শিক্ষক নেতা।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি মো. হানিফ উল্লাহ বলেন, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, কৃষি ডিপ্লে¬ামা ইন্সটিটিউট, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ভোকেশনালসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
“সরকার আমাদের দাবি আদায়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, সারাদেশে সাত হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ ১৫ হাজারের মতো শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গত কয়েক দিন ধরেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে।
১ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে সরকারি ঘোষণা না এলে ২ সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে বলে শিক্ষক নেতারা আগেই ঘোষণা দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১২৪৮ ঘ.
bdnews24