২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

জাবি, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতা। আহত তাহমিদুল ইসলাম লিখন দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে ছিলেন। উপাচার্য পরিবর্তনের পর তিনি ক্যাম্পাসে ফেরেন। বুধবার রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। লিখনের বন্ধু নান্নু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে (মীর মশাররফ হোসেন হল) যাওয়ার সময় লিখনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যাবস্থা করি।” সেখান থেকে লিখনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুর রহমান সাংবাদিকদের বলেন, “লিখন এখন আশঙ্কামুক্ত।” অর্থনীতি বিভাগের øাতকোত্তর পর্বের ছাত্র লিখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন। অধ্যাপক শরীফ এনামুল কবির উপাচার্য থাকাকালে তার মদদপুষ্ট ছাত্রলীগকর্মীদের বাধায় ক্যাম্পাস ছাড়তে হয় লিখনসহ ছাত্রলীগের একটি অংশকে। আন্দোলনের মুখে উপাচার্য পরিবর্তনে অধ্যাপক আনোয়ার হোসেন দায়িত্বে আসার পর লিখনের নেতৃত্বে গত ৮ জুলাই বাইরে অবস্থানরত ১৩ ছাত্রলীগ নেতাকর্মী বঙ্গবন্ধু ওঠেন। লিখনের সঙ্গেই ক্যাম্পাস থেকে ‘বিতাড়িত’ ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ এই বছরের শুরুতে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে গেলে হামলার শিকার হয়ে মারা যান। জুবায়ের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বুধবার দুপুরে লিখনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন হয়। লিখনের ওপর হামলার বিষয়ে সহকারী প্রক্টর আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এই হামলায় জড়িতদের খুঁজে বের করা হবে।” এদিকে লিখনের ওপর হামলার প্রতিবাদে রাতে আ ফ ম কামাল উদ্দিন ও আল বেরুনী হলে ছাত্রলীগের এক দল নেতা-কর্মী বিক্ষোভ করেছে। অন্যদিকে লিখনের ওপর হামলার সময়টাতে শরীফ এনামুলের মদদপুষ্ট ছাত্রলীগের নেতারা উপাচার্য আনোয়ার হোসেনের সঙ্গে বৈঠকে ছিলেন। তবে ওই বৈঠকে লিখনের সমর্থক কামাল উদ্দিন ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা ছিল না। এদিকে লিখনের ওপর হামলাকারী সন্দেহে নাহিদ নামে মীর মশাররফ হোসেন হলের এক ছাত্রকে পুলিশ আটক করলে মধ্যরাতে ওই হলের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। ছাত্ররা হল সংলগ্ন প্রাধ্যক্ষের বাড়িতে ভাংচুর চালায় এবং প্রাধ্যক্ষ এমদাদুল হককে লাঞ্ছিত করে। এরপর তারা পুলিশ ভ্যান ভাংচুর করতে গেলে পুলিশ রবার বুলেট ছোড়ে। এতে ফার্মেসি বিভাগের রাকিব ও গণিত বিভাগের রবিন নামে দুই ছাত্র আহত হন। এরপর ছাত্ররা ঢাকা-আরিচা সড়কে বিক্ষোভ করতে থাকে। রাত ১টায়ও সড়কে তাদের বিক্ষোভ চলছিল। তারা একটি গাড়িও ভাংচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১৫ ঘ.