২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সোহেল হত্যা: তদন্তের সময় বাড়লো ১৫ দিন

নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যার তদন্ত শেষ করতে না পারায় কমিটিকে আরো ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যার তদন্ত শেষ করতে না পারায় কমিটিকে আরো ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষে মঙ্গলবার শেষ কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কমিটি আরো ১৫ দিন সময় চেয়ে আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর দুই অনুসারীর মধ্যে তর্কাতর্কির জেরে গত ১৫ জুলাই রাতে সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে। এতে গুলিবিদ্ধ হন আব্দুলাহ আল হাসান সোহেল। পরে ১৬ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় অধ্যাপক গোলাম কবীরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক গোলাম কবীর সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্ধারিত সময় যথেষ্ট না হওয়ায় আমরা আরো ১৫ কার্যদিবস সময় চেয়ে নিয়েছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। আশা করছি এ সময়ের মধ্যে তদন্তকাজ শেষ করতে পারব।” তদন্তকাজে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে গোলাম কবীর বলেন, তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারার কারণ জানতে চাইলে তিনি জানান, হত্যা মামলায় জামিন পাওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে কিছুটা সময় লাগছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাড়াহুড়ো না করে আরো সময় নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২২০৪ ঘ.