রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার তারবিহীন ইন্টারনেট ওয়াইফাই চালু করা হয়েছে।
এখন থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, সিনেট ভবন এবং জুবরী ভবনের আশপাশ এলাকায় এর সুবিধা পাওয়া যাবে।
বিকালে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া সংক্রান্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. রকীব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই কয়েকটি জায়গায় ওয়াইফাই চালু করা হয়েছে। এছাড়াও শহীদ মিনার, স্মৃতি সংগ্রহশালা, পরিবহন মার্কেট, সিরাজীভবনে ওয়াইফাই সংযোগ দেওয়ার কাজ এগিয়ে চলেছে।
শুধু বিশ্ববিদ্যালয়ের নিবন্ধনকৃত শিক্ষার্থীরা ল্যাপটপে এই সুবিধা পেয়ে থাকবেন।
নিবন্ধনের জন্য ওয়েবসাইটি www.ru.ac.bd থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করে হল প্রাধক্ষ্যের স্বাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টারে জমা দিতে হবে।
এরপর প্রয়োজনীয় বিধি অনুসরণ করলেই এই সুবিধা পেয়ে যাবেন বলে তিনি জানান।
ইতোমধ্যে হলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সংযোগ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24