জাবি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের আন্দোলনের মধ্যে শুক্রবার উপাচার্য প্যানেল নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
আন্দোলনরত শিক্ষকদের ফোরাম ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ অবরোধের কর্মসূচি দিলেও নির্বাচন নির্বিঘœ করতে হাই কোর্টের আদেশের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
তবে অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক এম এ মতিন সাংবাদিকদের বলেন, “উপাচার্যের কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা আমরা দেব না। আমরা অবরোধ কর্মসূচি তুলে নিয়েছি।”
উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করে মেয়াদত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে সকালে শপথ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন আন্দোলনরত তিন শিক্ষক।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে একটি রিট আবেদনে হাই কোর্ট শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
বিভিন্ন দল-মতের শিক্ষকদের ফোরাম ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’র দাবি উপেক্ষা করে নতুন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন উপাচার্য প্যানেল নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন রাষ্ট্রপতি।
অধ্যাপক আনোয়ার বলে আসছেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার স্বার্থে এই নির্বাচন করা হচ্ছে।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সিনেটের বিভিন্ন প্রতিনিধি নির্বাচন আগে না হওয়ায় শরীফ এনামুল কবিরের সময়ের ব্যক্তিরাই সিনেটে বিভিন্ন পদে রয়েছেন। ফলে নির্বাচনে তাদেরই সুবিধা হবে।
অধ্যাপক আনোয়ার ২০ জুলাই উপাচার্যপ্যানেল মনোনয়নের দিন ঠিক করার পর বিভিন্ন দল-মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
এই দাবিতে গত ১৪ জুলাই থেকে প্রশাসনিক ভবনে অবরোধ ও কর্মবিরতি শুরুর পর গত বুধবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাঞ্চন চৌধুরীর কাছে শপথ নিয়ে তিন শিক্ষক অনশনে বসেন। তারা হলেন- সিনেট সদস্য ও শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহবায়ক অধ্যাপক মুজিুবর রহমান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারী।
অধ্যাপক পৃথ্বিলা নাজনীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনের অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহ্যার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছি আমরা।”
শিক্ষকদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অনুষদে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়।
লোক প্রশাসন বিভাগের সভাপতি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিভাগের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট ও সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দুরভিসন্ধিমূলক।
সিনেট সদস্যরা যে তিনজনের প্যানেল মনোনয়ন দেবেন, তার মধ্য থেকেই একজনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সিনেটের ৯২ জন সদস্যের মধ্যে ৫২ জনের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন করা জরুরি।
হাই কোর্টের আদেশ
একটি রিট আবেদনে শিক্ষকদের আন্দোলনের মধ্যেই শুক্রবার অনুষ্ঠেয় উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ করতে বলে হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সিনেট সদস্য অধ্যাপক আবুল খায়ের সকালে এই রিট আবেদন করেন। উদ্ভিদ বিজ্ঞানের এই শিক্ষক সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।
তার আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত আদেশে নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার নির্দেশনা দেয়।
রিট আবেদনকারী কোনো বাধা বিপত্তি ছাড়া যাতে ভোট দিতে পারেন, সে বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয় আদেশে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ওসিকে আদালতের এসব নির্দেশ বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলেছে আদালত।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
আদেশের পর শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে উপাচার্য প্যানেল নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আশঙ্কা থেকেই এ আবেদন করা হয়েছে।”
তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষে ২০০৪ সালে উপাচার্য প্যানেল নির্বাচন হয়। পরবর্তী নির্বাচন হওয়া কথা হওয়ার কথা ছিল ২০০৮ সালে। কিন্তু ২০১২ সালে এ নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর ১১ ধারায় উপাচার্য প্যানেল নির্বাচনের কথা বলা হয়েছে। এ আইনের ১৯ ধারা অনুসারে পরবর্তী সিনেট নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটররা স্বপদে বহাল থাকবেন বলে বিধান রাখা হয়েছে।”
রিট আবেদনে বলা হয়, উপাচার্য প্যানেল নির্বাচন ঘোষণা দেওয়ার পর থেকে গত কয়েকদিনে বিবাদীরা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ও স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা প্রশাসনিক ভবনে প্রবেশও নিশ্চিত করতে পারছেন না। দায়িত্ব পালনে তাদের এই ব্যর্থতার ফলে রিট আবেদনকারী মুক্ত ও স্বচ্ছভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলে আশঙ্কা করছেন।
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেটর হিসাবে রিটকারী উপাচার্য প্যানেল নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধ্য। বিবাদীরা নির্বাচনে রিটকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আইনগতভাবে দায়বদ্ধ। এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/২১৫০ ঘ.
bdnews24