জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করলে দু’দিকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
ভারপ্রাপ্ত প্রক্টর আক্কাস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার পর কয়েকবার বিদ্যুৎ চলে গেলে রাত সোয়া দশটার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন।
“পরে ১১টার দিকে আমরা বুঝিয়ে তাদের সরিয়ে নিয়ে আসি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৫ ঘ.
bdnews24