রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতীক (লোগো) নিজেদের প্যাড ও আমন্ত্রণপত্রে ছাপিয়েছে ছাত্রদল।
রুয়েট ছাত্রদল বিভিন্ন আমন্ত্রণপত্র, সংবাদ বিজ্ঞপ্তির প্যাডে রুয়েটের ‘ঐশী জ্যোতি আমাদের পথ প্রদর্শক’ এই লোগো ব্যবহার করে।
এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি রোববারই শুনেছেন।
“ছাত্র সংগঠনের নিজস্ব লোগো আছে, সেখানে তারা কেন রুয়েটের লোগো ব্যবহার করল, তা আমার বোধগম্য নয়,” বলেন তিনি।
তবে ছাত্রদলের এই কাজটি ঠিক হয়নি উল্লেখ করে উপাচার্য বলেছেন, “অচিরেই তাদের কারণ দর্শাও (শোকজ) নোটিস করব।”
রুয়েটের লোগো ব্যবহার করাকে ভুল বলে স্বীকার করে রুয়েট ছাত্রদলের আহ্বায়ক আহমদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ জুলাই ফল উৎসবের নিমন্ত্রণপত্রে ছাত্রদলের কয়েকজন কর্মী লোগোটি দিয়ে ফেলেছে।
“এই জন্য আমি রুয়েটের শিক্ষক ও প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে নেব,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24