শেরপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে কেন্দ্রের বাইরে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার উত্তরপত্র লেখার ঘটনায় গ্রেপ্তারকৃত কেন্দ্রসচিবসহ চার জনকে জিজ্ঞাসাবাদে একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রের সচিব আমিনুল ইসলাম, স্থানীয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, পরীক্ষার্থী আয়শা সিদ্দিকা ও তার স্বামী লাল মিয়া।
শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে এই আদালতের দায়িত্বরত পুলিশ উপপরিদর্শক মো. আব্দুল আজিজ মিয়া জানিয়েছেন।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে হাজির করে চারজনকে সাতদিনের হেফাজতে চাইলে বিচারক একদিনের হেফাজত মঞ্জুর করেন।
এছাড়া গ্রেপ্তারকৃত অন্য আসামি ও পরীক্ষার্থীর ছোট বোন রাবেয়া সুলতানা শম্পাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বেলা ১২টার দিকে শেরপুর শহরের মাধবপুর এলাকায় শিক্ষক ইয়াকুব আলীর বাসায় বাংলা প্রথমপত্র পরীক্ষার উত্তরপত্র লেখার সময় প্রশ্নপত্র, উত্তরপত্র ও বইসহ ইয়াকুব, শম্পা ও লাল মিয়াকে এবং পরীক্ষা শেষে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে আয়শাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেদিন রাতেই কেন্দ্রসচিব আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় শুক্রবার একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/১৭৫৮ ঘ.
bdnews24