২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা মেধাবী খুঁজতে নীতিমালা

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে সৃজনশীল মেধাবী খুঁজে বের করতে ‘সৃজনশীল মেধা অন্বেষণ নীতিমালা’ প্রণয়ন করছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 01:00 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে সৃজনশীল মেধাবী খুঁজে বের করতে ‘সৃজনশীল মেধা অন্বেষণ নীতিমালা’ প্রণয়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। এর আওতায় প্রতি বছর তৃণমূল থেকে বিভাগীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ‘অসাধারণ’ মেধার শিক্ষার্থীদের খুঁজে বের করা হবে। রোববার জারি করা এই নীতিমালায় বলা হয়, ভাষা ও সংস্কৃতি (বাংলা, ইংরেজি), বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান), গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ (ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান)- এ চারটি বিষয়ে শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী খুঁজে বের করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের ‘জাতীয় মেধা’ হিসেবে স্বীকৃতি এবং এককালীন বিশেষ বৃত্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে নীতিমালায়। প্রতিযোগিতা পর্ব প্রথমধাপে উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণী- এ তিনটি গ্র“পে চারটি বিষয়ে শিক্ষার্থী মনোনয়ন দেওয়া হবে। উপজেলা পর্যায়ে নির্বাচিতরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সাতটি বিভাগের সঙ্গে ঢাকা মহানগরকে অতিরিক্ত একটি বিভাগ হিসেবে যুক্ত করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। বিভাগীয় পর্যায়ে প্রতি বিষয়ে তিন জন করে চার বিষয়ে প্রতি বিভাগের ১২ জন করে আট বিভাগের মোট ৯৬ জন প্রতিযোগী থেকে প্রতি বিষয়ে একজন করে তিন গ্র“পে ১২ জন সেরা বিজয়ী নির্বাচন করা হবে। উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকা মহানগরের জন্য যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে চারটি কমিটি শিক্ষার্থী বাছাইয়ের কাজ করবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা বাস্তবায়নের জন্য শিক্ষাসচিবের নেতৃত্বে ৩৭ সদস্যের একটি জাতীয় স্টেয়ারিং কমিটি করা হয়েছে। এই কমিটি প্রয়োজনে আরো সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রতিযোগী বাছাইয়ে কোনো আপত্তি থাকলে উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকা মহানগর এলাকার জন্য গঠিত কমিটি তা নিষ্পত্তি করবে। এ প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য প্রতি বছর এক কোটি ৯৫ লাখ ১৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের সেরাদের দুই কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে সভাপতি করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মেধা অন্বেষণ প্রতিযোগিতা শেষ করার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি পঞ্জিকা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়কে সরবরাহ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৮৫৫ ঘ.