২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগ নেতাকে মারধর

পূর্ণাঙ্গ কমিটি গঠনের এক দিন পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ সরকারকে মারধর করেছে তারই সংগঠনের একদল নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ কমিটি গঠনের এক দিন পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ সরকারকে মারধর করেছে তারই সংগঠনের একদল নেতা-কর্মী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে হামলায় আহত ফিরোজ স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুকিটাকি চত্বরে চা দোকানের সামনে নবগঠিত কমিটির যুগ্ম-সম্পাদক আবদুস ছালাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নুর জাহিদ সরকারসহ ৫/৬ জন অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। “এসময় তারা আমাকে অস্ত্র দেখিয়ে বলে, ‘কমিটি হয়েছে, তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ আছে’, এই বলেই কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারতে থাকে,” বলেন তিনি। এই বিষয়ে জানতে চাইলে নুর জাহিদ সরকার মারধরের বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চত্বরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন ফিরোজ আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে তর্কাতর্কি এবং সামান্য ধাক্কাধাক্কি হয়।” বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমদ আলী বলেছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য তিনি ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০১৩ ঘ.