ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের জন্য শিক্ষা মন্ত্রণালয় ২০ হাজার পাচশ’ ল্যাপটপ কিনছে।
টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) কাছ থেকে এসব ল্যাপটপ কেনা হবে। সোমবার বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে।
আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ এবং টেশিস’র ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ খান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।
প্রতিটি ল্যাপটপের ভ্যাটসহ দাম পড়বে ৫৩ হাজার ৩২৬ টাকা।
অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার ও ইন্টারনেট মডেম সরবরাহ করা হবে।
এছাড়া এ প্রকল্পের আওতায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে শিক্ষককে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।
১৩ হাজার সাতশটি মাধ্যমিক স্কুল, চার হাজার দাখিল মাদ্রাসা, এক হাজার দুইশ’ আলীম মাদ্রাসা এবং এক হাজার ছয়শ’ কলেজে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের ব্যবস্থা করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24