২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলনের মুখে’ ছুটি পাবিপ্রবিতে

উপাচার্যের অপসারণ দাবিতে সরকার সমর্থক ছাত্রদের ‘আন্দোলনের মুখে’ গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

পাবনা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের অপসারণ দাবিতে সরকার সমর্থক ছাত্রদের ‘আন্দোলনের মুখে’ গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামী ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয় বলে রোববার দুপুরে জানান ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি ২৪ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রোববার (১৭ জুন) সকালে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ ছুটি এগিয়ে নিয়ে আনা হয়েছে।” সভায় ১৭ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ২ জুলাই পর্যন্ত অফিস বন্ধের সিদ্ধান্ত হয় বলে জানান ডেপুটি রেজিস্ট্রার। উপাচার্য ড. মো. মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সরকার সমর্থক ছাত্রলীগ। রোববার আন্দোলনকারীরা প্রশাসনিক কার্যালয় ঘেরাও, মানববন্ধন, অবস্থান কর্মসূচি শেষে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা ঢাকা-পাবনা সড়ক একঘণ্টা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তকে ‘আন্দোলন দমনের কৌশল’ বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। জেলা ছাত্রলীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য নিজের দুর্নীতি ঢাকতে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এসেছেন। কিন্তু এতেও শেষ রক্ষা হবে না। তার অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান সরকার সমর্থক এই ছাত্রনেতা। পাবনা শহরে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমান সবুজ, ওলিউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, শেখ ইমরান প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ভিসি নিয়মনীতি লঙ্ঘন করে ২২ জন আত্মীয়কে চাকরি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি কাজের দায়িত্ব দিয়েছেন তার ভাগ্নেকে। ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায় করছেন। এ ব্যাপারে উপাচার্য ড. মো. মোজাফ্ফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের। এই নিয়োগ বিধি অনুযায়ী হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অবকাঠামো নির্মাণের দায়িত্ব তার না। এ কাজ করছে শিক্ষা প্রকৌশল বিভাগ। তিনি প্রকল্প পরিচালক মাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩০০ ঘ.