ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এ দাবি জানায়।
সমিতির সাধারণ সম্পাদক সালেহা আক্তার বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের বেতন স্কেল দিতে হবে।”
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তৃতীয় শ্রেণীয় পদমর্যাদায় বেতন-ভাতা পাচ্ছেন।
গত ১৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করার ঘোষণা দিয়েছিলেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন স্কেল পঞ্চম গ্রেডে উন্নীত করারও দাবি জানান।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যকর করা, সহকারী শিক্ষক থেকে মেধাভিত্তিক বিভাগীয় উচ্চপদে শতভাগ পদোন্নতি দেওয়া ও সব শিক্ষকের পদোন্নতির সুযোগ রেখে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নিয়োগবিধি প্রণয়ন।
দাবি আদায়ে আগামী ২১ জুন দেশের সব উপজেলায় শিক্ষক সমাবেশ, ২২-২৭ সেপ্টেম্বর জেলায় জেলায় সমাবেশ, ১২ জুলাই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলেও জানান সালেহা আক্তার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, সহ-সভাপতি সিদ্দিক হোসেন, জাহিদুর রাহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১২৫৫ ঘ.
bdnews24