দিনাজপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামী পাঁচ দিন যেসব পরীক্ষা রয়েছে সেগুলো বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে ক্যাম্পাসের সামনে বাঁশেরহাট বাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি ও ভেটেরিনারি অনুষদের ছাত্র ফাহিম মাহফুজ।
এই হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রোববার উপাচার্য অধ্যাপক ড. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৪ জুন পর্যন্ত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। ১৫ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। ৩০ জুন বিশ্ববিদ্যালয় খুলবে।
শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ায় ক্লাস না হওয়ায় শুধু পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নিবন্ধক বলরাম রায় বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মৃনাল কুমার গোস্বামীকে আসামি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলি গ্রামে ফাহিমের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৫১ ঘ.
bdnews24