২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমুদ্র জয়’ নিয়ে বিশেষ ক্লাস

বঙ্গোপসাগরে সীমানা নিয়ে আইনি লড়াইয়ে বাংলাদেশের বিজয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে আগামী ১০ জুন দেশের সব স্কুল-কলেজে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সীমানা নিয়ে আইনি লড়াইয়ে বাংলাদেশের বিজয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে আগামী ১০ জুন দেশের সব স্কুল-কলেজে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন স্কুল-কলেজগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরুর আগে এই বিশেষ ক্লাস হবে বলে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের সমুদ্র জয়’ বিষয়ক একটি সহজবোধ্য ক্লাসনোট তৈরি করে ইতোমধ্যে তা সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং স্কুল-কলেজ প্রধানের কাছে পাঠানো হয়েছে। ১০ জুন সকাল সাড়ে ৯টায় বিশেষ ক্লাস অনুষ্ঠানের সময় রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। সমুদ্র বিজয়ে বাংলাদেশের সীমানা বাড়ার পাশাপাশি বঙ্গোপসাগরের জলসীমার মাছ, তেল, গ্যাস ও খনিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এছাড়া প্রবাল, শামুক, ঝিনুক ও শেওলার অর্থনৈতিক গুরুত্ব; কপার, ম্যাগনেসিয়াম, নিকেল ও কোবাল্টের মতো দুষ্প্রাপ্য ও মূল্যবান খনিজ পাওয়ার ব্যাপক সম্ভাবনা- এসব বিষয় শিক্ষার্থীদের অবহিত করাই এই বিশেষ ক্লাসের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনোমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দেয়। এর আগে সাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনোমিক জোন ছিলো ৩০ নটিক্যাল মাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৬৩১ ঘ.