২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইরে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইরে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩০ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সমাবেশের এক পর্যায়ে পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে গেলে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, সদস্য মৌসুমি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু আলী, তুহিন, সিরাজুল, হাসিব ও শামীমকে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও শেখপাড়া বাজার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত পুলিশ কর্মকর্তা হলেন শৈলকূপা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হাবিব। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে শেখপাড়া বাজারে সমাবেশ শুরু হলে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা প্রায় ১৫টি গাড়ি ভাঙচুর করেন। শৈলকূপা থানার এএসআই মো. হাবিব বলেন, “সমাবেশের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমরা তাদের সড়ক থেকে সরে যেতে বলেছিলাম। এ সময় তারা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে আমরা তা প্রতিহত করি।” ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও যোগ দিয়েছিলো। শৈলকূপা থানার ওসি শাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলী বলেন, এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের ঘটনা। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০০৩ ঘ.