২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে নীল দলের ভরাডুবি

সিন্ডিকেটের পাঁচটি পদের সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে সমর্থক নীল দলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সিন্ডিকেটের পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত নির্বাচনে সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। তবে একাডেমিক কাউন্সিলের ছয়টি পদের মধ্যে পাঁচটিতে এবং দুই অনুষদের ডিন নির্বাচনে একটিতে বিজয়ী হয়েছে নীল দলের প্রার্থীরা। সোমবার বিকেলে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন। সিন্ডিকেটের পদগুলোর মধ্যে- প্রভোস্ট ক্যাটাগরিতে সাদা দলের ড. পিজে হার্টগ আন্তর্জাতিক হলের অধ্যাপক মো. লুৎফর রহমান ৬১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার বিপরীতে নীল দলের কবি জসিম উদদীন হলের প্রভোস্ট অধ্যাপক আখতারুজ্জামান ৫৭১ ভোট পেয়েছেন। অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের বিজয়ী রসায়ন বিভাগের শিক্ষক ড. তাজমেরী এসএ ইসলাম পেয়েছেন ৬১০ ভোট। তার বিপরীতে নীল দলের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সহিদ আখতার হোসাইন পেয়েছেন ৫৬৫ ভোট। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসানুজ্জামান (স্বপন)। তার বিপরীতে নীল দলের প্রার্থী রসায়ন বিভাগের ড. মো. আফতাব আলী শেখ পেয়েছেন ৫৫৫ ভোট। সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মইনুল ইসলাম (মইন)। তার বিপরীতে নীল দলের প্রার্থী ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মো. আকরাম হোসেন পেয়েছেন ৫০০ ভোট। প্রভাষক ক্যাটাগরিতে ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক মো. মাজহারুল আনোয়ার। তার বিপরীতে নীল দলের প্রার্থী ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক রেজওয়ানুল হক খান পেয়েছেন ৫৭২ ভোট। ডিন নির্বাচনে ফার্মাসি অনুষদে ফার্মাসি বিভাগের অধ্যাপক নীল দলের আবম ফারুক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাদা দলের ড. শাহিদা রফিক জয়ী হয়েছেন। এ দু’টি পদে তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে সাদা দলের অধ্যাপক আবুল হাসনাত ও ছিলেন নীল দলের অধ্যাপক সেকুল ইসলাম। একাডেমিক কাউন্সিলের ছয়টি পদের মধ্যে সহযোগী অধ্যাপক ক্যাটাগরির তিনটিতে নীল দল থেকে আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান, গণিত বিভাগের ড. চন্দ্রনাথ পোদ্দার ও ইংরেজি বিভাগের ড. তাজিন আজিজ চৌধুরী বিজয়ী হয়েছেন। সহকারী অধ্যাপক ক্যাটাগরির তিনটিতে নীল দল থেকে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ড. মোহাম্মদ মাইনুল করিম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সুরাইয়া বেগম এবং সাদা দল থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউটের শিক্ষক মো. আব্দুস সালাম জয়লাভ করেছেন। এ ছাড়া ফিন্যান্স কমিটির একমাত্র পদে নীল দল থেকে মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম জয়ী হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট, ডিনস, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে এক হাজার ৩৫৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২২৭ জন ভোট দেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নীল ও সাদা দলের পক্ষ থেকে সবাই সহযোগিতা করেছে এবং উভয়পক্ষই ফলাফল মেনে নিয়েছে। দলীয় অন্তর্কোন্দলের কারণে এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন নীল দলের অনেক শিক্ষক। অন্যদিকে এ বিজয়কে ‘সারাদেশের বিভিন্ন অস্থিতিশীলতার’ বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছে সাদা দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীল দল থেকে প্রভোস্ট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতাকারী অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রকম ফল কখনো আশা করিনি। তবে শিক্ষকরা ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছেন। তাদের মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। পরে দলের সভায় পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে, বলেন আখতারুজ্জামান। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষকরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভোট দিয়েছেন। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে যৌক্তিকতাবোধ অবশ্যই আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/আরএ/এএল/১৮৫১ ঘ.