২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য আনোয়ারে আপত্তি জাবি শিক্ষক সমিতির

নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

জাবি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে মেনে নিতে আপত্তি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার শিক্ষক সমিতির এক জরুরি সভায় উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়। তবে এই সভা বর্জন করে অধ্যাপক শরীফের অনুসারীরা। অন্যদিকে উপাচার্য পদ থেকে শরীফ এনামুল কবিরের বিদায়ে সরকারের ‘পদক্ষেপ’কে স্বাগত জানিয়েছে তার বিরুদ্ধে আন্দোলনকারী ‘শিক্ষক সমাজ’। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার অধ্যাপক শরীফ পদত্যাগ করলে নতুন উপাচার্য হিসেবে আনোয়ার হোসেনকে নিয়োগ দেন আচার্য জিল্লুর রহমান। তিনি রোববার দায়িত্ব নেবেন। বেলা ৩টায় জহির রায়হান মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি’ নিয়ে শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভায় বসে। সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনের সভাপতিত্বে এই সভায় তিনটি সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সমিতির সম্পাদক শরীফ উদ্দিন। উপাচার্য নিয়োগ পুনর্বিবেচনার পাশাপাশি সঙ্কট নিরসনে পদক্ষেপ নেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সমিতি। শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে কাউকে উপাচার্য পদে নিয়োগ প্রত্যাশা করছিলেন। এই সভা বর্জনের পক্ষে অধ্যাপক শরীফের অনুসারীদের যুক্তি, গঠনতন্ত্র অনুযায়ী ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে সভা ডাকতে হয়, যা এক্ষেত্রে করা হয়নি। ১৫ জনের মধ্যে কার্যনির্বাহী কমিটির ১০ সদস্যসহ শরীফপন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ‘র ব্যানারে পাল্টা সভা করে শিক্ষক সমিতির সভাকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে। নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এই সভায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক লুুৎফর রহমান সাংবাদিকদের বলেন, “২৪ ঘণ্টা আগে নোটিস দেওয়ার কথা থাকলেও সে নিয়ম মানা হয়নি, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক শিক্ষকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত রয়েছে বলে আমরা তাদের পদত্যাগ দাবি করছি।” তবে শিক্ষক সমিতির সম্পাদক শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুরি সাধারণ সভার নোটিস নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয়েছে।” অন্যদিকে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় আন্দোলনরত শিক্ষক সমাজের সংবাদ সম্মেলনে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ফোরামের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন লিখিত বক্তব্যে বলেন, “বিলম্বে হলেও শরীফ এনামুল কবিরকে পদত্যাগের নির্দেশ বা পরামর্শ দিয়ে আচার্য জাহাঙ্গীরনগরের দীর্ঘদিনের সঙ্কট সমাধানে এবং গণতান্ত্রিক দুর্বৃত্তায়ন রোধে একটি বাস্তব পদক্ষেপ নিয়েছেন। অধ্যাপক মানস চৌধুরী বলেন, তাদের বেশ কিছু দাবি নতুন উপাচার্যকে দেবেন তারা। নতুন দাবিগুলো সম্পর্কে তিনি বলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনার তদন্ত ও বিচার এবং সদ্য বিদায়ী উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির তদন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১২ ঘ.