জাবি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই আরেকটি নিয়োগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, যা নিয়ে আবার প্রশ্ন তুলেছে আন্দোলনরত শিক্ষকরা।
গ্রীষ্মের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়গুলো এক সপ্তাহ বন্ধ থাকার পর খোলার দিন শনিবার পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা (গোপনীয় শাখা) পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ওই পদে ফারজানা আফরোজকে ছয় মাসের জন্য (এডহক ভিত্তিতে) এই নিয়োগ দেওয়া হয়। প্রায় দুই বছর আগে তাকে খালেদা জিয়া হলে সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কার্যালয়ে যাওয়ার পর নতুন কর্মকর্তার নিয়োগের খবর পান।
নতুন নিয়োগ প্রয়োজন ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, “একজন কম্পিউটার বিশেষজ্ঞের প্রয়োজন ছিল। তবে উল্লেখিত পদের জন্য চাহিদার কথা রেজিস্ট্রার অফিসে আমাদের পক্ষ থেকে বলা হয়নি।”
এই নিয়োগের বিষয়ে নিবন্ধক বলতে পারবেন, বলেন পরীক্ষা নিয়ন্ত্রক।
এই বিষয়ে জানতে নিবন্ধক আবু বকর সিদ্দিকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষক সমাজ’র আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাই যখন প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায়, তখন এ নিয়োগ অনাকাঙ্ক্ষিত।”
দুই শতাধিক শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে দাবি করে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষক সমাজ। দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে।
প্রধানমন্ত্রীকেও উপাচার্যের ‘নিয়োগ বাণিজ্যের’ কথা জানানো হয়েছিল বলে জানান নাসিম আখতার।
তিনি আরো বলেন, এই ধরনের নিয়োগের শঙ্কা প্রকাশ করে শনিবার সকালেও নিবন্ধককে একটি সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে শিক্ষক সমাজের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এক মাসের গ্রীষ্মকালীন ছুটি চলছে। তবে প্রশাসনিক কার্যালয়গুলো বন্ধ ছিল এক সপ্তাহ।
এদিকে শিক্ষকের আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবিরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.
bdnews24