ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
দেশবাসীকে হরতাল কর্মসূচি প্রতিহতের আহ্বান জানিয়ে রোববার শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরীক্ষার মধ্যে হরতাল ডাকা যুক্তিহীন, দায়িত্বহীন, জ্ঞানহীন ও অবিবেচকের কাজ। এটা মেনে নিতে পারি না”
বিরোধীদল আহুত হরতালে এইচএসসি ও বিভিন্ন পরীক্ষা, ক্লাস কার্যক্রমসহ পুরো শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ভেঙ্গে পড়া বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয়।
লাগাতার হরতালে শিক্ষা কার্যক্রমে মহা সমস্যার সৃষ্টি হয়েছে উল্লে¬খ করে নাহিদ বলেন, “সব ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা উদ্বিগ্ন ও খুবই ক্ষুব্ধ। জাতি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। এটা মেনে নেওয়া যায় না।”
গত ১৭ এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হন। তার সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববার ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিরোধী দল।
বিএনপির হরতালে গত ১৯ এপ্রিল সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি এবং কারিগরি বোর্ডের সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়। দলটির ডাকা হরতালে স্থগিত হয়ে যায় গত ২২ থেকে ২৪ এপ্রিলের এইচএসসি ও সমমানের সব পরীক্ষাও।
একই দাবিতে বিরোধীদল রোববার-সোমবার ফের হরতাল দিলে এ দুদিনের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
অতীতে পরীক্ষার মধ্যে হরতাল দেওয়ার কোনো উদাহরণ নেই দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, “তারা (বিএনপি) দায়িত্ব-জ্ঞানহীনভাবে একের পর এক হরতাল দিচ্ছে। এইচএসসির স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা পরবর্তীতে নেওয়ার তারিখ খুঁজে বের করতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
নাহিদ বলেন, “শুধু পরীক্ষা নয়, হরতালের কারণে বিনামূল্যে বিতরণের বই ছাপানোর কাজেও ব্যাঘাত ঘটছে।”
বুয়েট ও জাবি পরিস্থিতি
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘উদ্ভূত পরিস্থিতি’ সমাধানের চেষ্টা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ওই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়া আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্লাসের সঙ্গে এর (আন্দোলন) কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালম প্রফেসর নোমান-উর-রশীদ, আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এএল/১৬৩৩ ঘ.
bdnews24