২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: বিএনপির প্রতি ‘বিকল্প কর্মসূচির’ আহ্বান

এইচএসসি পরীক্ষার মধ্যেই ধারাবাহিক হরতালের সমালোচনা করে বিএনপির প্রতি ‘বিকল্প কর্মসূচির’ মাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষক সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষার মধ্যেই ধারাবাহিক হরতালের সমালোচনা করে বিএনপির প্রতি ‘বিকল্প কর্মসূচির’ মাধ্যমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষক সংগঠনের নেতারা। বিএনপি তৃতীয় দিনের মতো মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। তারা বলেন, পাবলিক পরীক্ষার মধ্যে হরতাল পালনের ঘটনা দুঃখজনক। এতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে। গত ১ এপ্রিল সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট নয় লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রবি-সোমবার হরতাল পালনের পর মঙ্গলবারও হরতাল ডেকেছে দলটি। হরতালের কারণে এই তিন দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর আগে গত বৃহস্পতিবার সিলেট বিভাগে বিএনপির হরতালের কারণে সেখানে ওই দিনের এইচএসসি পরীক্ষা এবং সারাদেশের কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস আনিসুজ্জামান বলেন, “পরীক্ষার মধ্যে যারা হরতাল ডেকেছেন বিষয়টি তাদের বিবেচনায় রাখা উচিত ছিল। আবেদনের পরও তারা বিষয়টি বিবেচনা করেননি।” এইচএসসি পরীক্ষার শুরু হওয়ার আগেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা চলাকালে কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন। গত রোববার সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার পরও বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে হরতালের ডাক দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করে আনিসুজ্জামান বলেন, “এটা শিক্ষার্থীদের জন্য অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এতে পরীক্ষার ফল প্রকাশে দেরি হবে। শিক্ষার্থীদের মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়বে।” আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন দিনের টানা হরতালে এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হল। “পুরো সিস্টেমই লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সিডিউল মোতাবেক এইচএসসি পরীক্ষার উত্তরপত্র বিতরণ করা যাচ্ছে না। ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করতে হবে,” বলেন তিনি। ফাহিমা বলেন, “আমরা ৬০ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসির ফল প্রকাশ করতাম। প্রতি বছরের ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। এখন এতে ঝামেলা হবে।” কয়েক দফা এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘটনায় ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির আগ্রহ হারাচ্ছে বলেও মন্তব্য করেন এই অধ্যাপক। ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থী সাগর সারোয়ার বলেন, হরতালের কারণে তার পরিসংখ্যান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত হয়ে গেছে। প্রস্তুতি নিয়েও পরীক্ষা না দিতে পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। হরতালের কারণে দুটি পরীক্ষা স্থগিত হয়ে গেছে উল্লেখ করে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ছাত্রী ও এইচএসসি পরীক্ষার্থী রীতা আক্তার বলেন, “দয়া করে আমাদের বিষয়টি বিবেচনা করুন। হরতালের বদলে অন্য কর্মসূচি দিন।” এইচএসসি পরীক্ষার পাশাপাশি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশের বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। হরতালের কারণে এসব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুঞ্জুআরা বেগম জানান, আগের দুই দিন হরতালের কারণে প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। “পরীক্ষা স্থগিত হওয়ায় অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ঝামেলা হবে। রেজাল্ট পিছিয়ে যাবে। বারবার পরীক্ষা স্থগিতের ফলে বাচ্চারা টেনশনে পড়েছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম সাময়িক পরীক্ষা ৩০ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, পরীক্ষা স্থগিত করায় নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা যাবে না। হরতালে ক্লাস-পরীক্ষা হচ্ছে না জানিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজের শিক্ষার্থী সোহেল রানা বলেন, “হরতালের দিন বাবা-মা স্কুলে যেতে দেন না।” প্রস্তুতি নিয়েও পরীক্ষা না দিতে পারায় ‘বাড়তি’ ঝামেলায় পড়তে হবে বলেও মনে করেন এই শিক্ষার্থী। ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবীর দুলু বলেন, “প্রতিবাদের দরকার আছে, তবে শিক্ষার্থীদের বিষয়টি অবশ্যই মাথায় রেখে তা করতে হবে।” “এইচএসসি পরীক্ষাসহ বিদ্যালয়গুলোর প্রথম সাময়িক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা এর প্রতিকার চাই,” বলেন তিনি। বাংলাদেশ শিক্ষক সমিতির (একাংশ) সভাপতি আবুল বাশার হাওলাদার বলেন, “পরীক্ষার মধ্যে হরতাল পালন অনাকাক্সিক্ষত। ভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ জানানো উচিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২৩১৩ ঘ.