ঠাকুরগাঁও, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধনের টাকা জমা না নেওয়ায় বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, শেষ দিনে নিবন্ধনের টাকা জমা নেওয়া না হলেও পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় টাকা জমা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিবন্ধনে কোনো অসুবিধা নেই।
বুধবার ছিল ঠাকুরগাঁও বোর্ডের অধীন বিদ্যালয়গুলোর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের নিবন্ধনের টাকা জমা দেওয়ার শেষ দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আলম জানান, দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্যদ ঘটনাটি তদন্ত করে ২০১০ সালের ২১ জুলাই শিক্ষক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।
পরবর্তীতে ২০১০ সালের ১৩ অক্টোবর তদন্ত প্রতিবেদনসহ সাইফুলকে স্থায়ীভাবে বরখাস্ত করতে দিনাজপুর বোর্ডে চিঠি পাঠায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে ২০১১ সালের ৯ অক্টোবর বোর্ড ওই শিক্ষককে স্বপদে বহাল করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সাইফুলকে বহাল করা থেকে বিরত থাকে বলে জানান প্রধান শিক্ষক।
“এই শিক্ষককে পুনরায় বহাল না করায় ১১৫ জন জেএসসি শিক্ষার্থীর নিবন্ধনের জন্য ব্যাংক ড্রাফট ও নিবন্ধন ফরম ফেরত দেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক,” অভিযোগ করেন মকবুল।
এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয়।
দিনাজপুর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. হামাদুল বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালন্দর উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া এক শিক্ষককে বোর্ডের নির্দেশের পরেও বহাল করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ।”
বোর্ড চেয়ারম্যান ঢাকায় অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, চেয়ারম্যান ফেরার পর এ বিষয়ে আলোচনা করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে।
আগামী ২২ মে পর্যন্ত অনলাইনে জেএসসির শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারেবন বলেও জানান তিনি।
দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটকমকে বলেন, “ওই বিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে একটু ঝামেলা রয়েছে। আলোচনা করে এর সমাধান করা হবে। তবে শিক্ষার্থীদের নিবন্ধনে কোনো সমস্যা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/পিডি/২১২৩ ঘ.
bdnews24