২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত খাতা না দেওয়ার অভিযোগ

গাজীপুরের একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদেরকে অতিরিক্ত উত্তরপত্র না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

গাজীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদেরকে অতিরিক্ত উত্তরপত্র না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী অভিযোগ করেন, বৃহস্পতিবার ব্যবসায় নীতি ও প্রয়োগের প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের ৩৩ নং কক্ষে পরীক্ষা চলাকালে ছাত্রীদের অনেকেই মূল উত্তরপত্র শেষে অতিরিক্ত উত্তরপত্র চাইলে কক্ষ পরিদর্শক আনোয়ারুল মামুন অতিরিক্ত উত্তরপত্র দিতে গড়িমসি করেন। উল্টো তিনি শিক্ষার্থীদের বলেন, প্রতি পৃষ্ঠায় ১৬ লাইন না লেখা হলে তাদের অতিরিক্ত উত্তরপত্র দেওয়া হবে না। অপর এক পরীক্ষার্থী জানান, প্রতি পৃষ্ঠায় ২২ লাইন করে লিখার পরও তিনি অতিরিক্ত উত্তরপত্র দিতে অস্বীকার করেন। পরীক্ষা শেষে কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. আলতাফ হোসেনের কাছে পরীক্ষার্থীরা এ বিষয়ে অভিযোগ দেন। তবে পরীক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে পরিদর্শক আনোয়ারুল মামুন বলেন, “অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ না করার কোন ঘটনা ঘটেনি। যারা চেয়েছে তাদের প্রত্যেককেই সরবরাহ করা হয়েছে।” এ বিষয়ে অধ্যক্ষ ড. আলতাফ হোসেন বলেন, কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ক্ষতিয়ে দেখা হবে। গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনা জানতে কলেজের দুই জন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছিলো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২০০১ ঘ.