চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী নেতাদের মধ্যে বৈঠকের পর শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে ব্যবস্থাপকের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টায় নগরীর বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে প্রথম শাটল ট্রেনটি ছেড়ে গেছে বলে চবি সহকারী প্রক্টর রেজাউল করিম জানিয়েছেন।
সোমবার সকালে শাটল ট্রেনের চালক গোপাল চন্দ্র দাশকে শিবিরকর্মীরা তুলে নিয়ে আটক রেখে ধর্মঘটের মধ্যে ট্রেন চালাতে নিষেধ করে বিভিন্ন হুমকি দেয়।
এই ঘটনার পর থেকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদের সিদ্ধান্তে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনের চালককে তুলে নিয়ে ছয় ঘণ্টা আটক করে রাখার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সহকারী প্রক্টর রেজাউল করিম, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সভাপতি মো. রফিক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদের সমন্বয়কারী মোখলেছুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর ৩৮ দিন বন্ধ রাখার পর গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুলে দেয় চবি প্রশাসন। খোলার প্রথম দিন থেকেই হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসে ধর্মঘট পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৬ ঘ.
bdnews24